বিশেষ প্রতিনিধি, nipon।।
লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দেশটিতে চলমান সামরিক অভিযান ও উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।
দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরাইলি সেনাদের পরিদর্শনকালে জামির বলেন, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তাদের মূল লক্ষ্য হলো এমন একটি পরিস্থিতি নিশ্চিত করা, যাতে ইসরাইলি জনপদগুলোতে সরাসরি হামলার ঝুঁকি না থাকে। তিনি দাবি করেন, সেই লক্ষ্য অনেকটাই অর্জিত হয়েছে এবং বর্তমানে সেনাবাহিনী সেই অবস্থান ধরে রেখেছে। প্রয়োজনে দীর্ঘ সময় ধরে এই অবস্থান বজায় রাখতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই এবং তাদের অভিযান অব্যাহত রাখতে হবে। উত্তর ইসরাইলের বসতিগুলোর ওপর সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করাই এখন প্রধান অগ্রাধিকার। এ জন্য তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো ধ্বংস এবং তাদের খুঁজে বের করে নির্মূল করার নির্দেশ দেন।
এদিকে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেবাননে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় ১২ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, যা দেশটিতে বড় ধরনের মানবিক সংকট তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত পরিস্থিতি দ্রুত সমাধানের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। বরং উভয় পক্ষের অবস্থান আরও কঠোর হওয়ায় উত্তেজনা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে।
হাফিজ/ আয়না নিউজ