বিশেষ প্রতিনিধি, nipon।।
সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার বিষয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নকে ঘিরে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে আইনমন্ত্রী এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, সংসদীয় রুল ২৬৬ অনুযায়ী একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।
আইনমন্ত্রী বলেন, কমিটির জন্য সরকারপক্ষ থেকে ১২ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র সদস্য মিলিয়ে আরও পাঁচজন রাখা হয়েছে। বিরোধী দলের জন্য ২৬ শতাংশ আসনের ভিত্তিতে পাঁচজন সদস্য মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
ডেপুটি স্পিকার বিরোধী দলের নেতাকে উদ্দেশ করে বলেন, সরকারপক্ষের তালিকা প্রস্তুত রয়েছে, বিরোধী দল তাদের পাঁচজনের নাম দিলে কমিটি গঠন প্রক্রিয়া দ্রুত এগোবে।
তবে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, এ বিষয়ে তাদের মধ্যে ধারণাগত পার্থক্য রয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন আছে এবং আলোচনার পরই তারা সিদ্ধান্ত জানাবেন।
এর জবাবে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের সিদ্ধান্তের জন্য সরকার অপেক্ষা করবে এবং প্রয়োজনে পরবর্তী অধিবেশন পর্যন্ত সময় নেওয়া হবে।
সংসদে উভয় পক্ষের আলোচনার পর কমিটি গঠন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
হাফিজ/ আয়না নিউজ