বিশেষ প্রতিনিধি, nipon।।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। এরই মধ্যে দুপুরের রান্নার প্রস্তুতি নিতে বাড়ির পাশ থেকে খড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহ করতে বের হন সাহেরা বেগম।
হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান।
নিহত সাহেরা বেগম কাজীপাড়া গ্রামের বাসিন্দা মজিবর হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে।
আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকাবাসীও শোকাহত হয়ে পড়েন।
সয়ার ইউনিয়ন পরিষদের সদস্য মনছুর পাঠোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরে বৃষ্টির সময় তিনি বাইরে যাওয়ায় বজ্রপাতের শিকার হন। ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা চলছে।
হাফিজ/ আয়না নিউজ