বিশেষ প্রতিনিধি, nipon।।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক এলাকায় এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও সাইফুর রহমানের ছেলে মো. লিমন (৩০)। এদিকে আহতদের দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন-
ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যুতে দুর্ঘটনায় নিহত বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এছাড়াও আহত ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
এফএ/আয়না