বিশেষ প্রতিনিধি, nipon।।
নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনি (৩৩) কে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী বলেন, ছাত্রী হত্যা মামলায় আদালত আসামির উপস্থিতিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আব্দুর রহিম ওরফে রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার লাতু কাউন্সিলর বাড়ির খলিল মিয়ার ছেলে।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে পুলিশ নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে গলা, হাত ও পায়ের রগ কাটা অদিতার রক্তাক্ত দেহ উদ্ধার করে। যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে পুলিশ গ্রেফতার করলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রনি হত্যার দায় স্বীকার করেন এবং হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।
আরও পড়ুন-
গাঁজাসহ নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস আটক
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অদিতা রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ রনি অদিতার মা বাসায় না থাকার সুযোগে বাসায় প্রবেশ করে প্রথমে অদিতাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন।
গ্রেফতারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। অদিতা হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত রনির দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয়। মামলাটির বিচারিক কার্যক্রমে বাদী পক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায়ের দিন নির্ধারণ করেন।
অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকার এবংবেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া সুলতানার মেয়ে।
এফএ/আয়না