বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশের ভোজ্যতেলের বাজারে আবারও দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, শুধু বোতলজাত তেলই নয়, খোলা সয়াবিন তেলের দামও একই হারে বৃদ্ধি করা হয়েছে। ফলে খোলা তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।
দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশা করি, ভোক্তারা বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে বাজারে তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি কতটা স্থিতিশীল হয়, তা এখন দেখার বিষয়।
হাফিজ/ আয়না নিউজ