বিশেষ প্রতিনিধি, nipon।।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বিরোধী দলের সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় জ্ঞান ও শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ পরামর্শ দেন।
বিরোধী দলের সদস্যরা প্রায়ই জানেন না কোন বিধিতে কী বলতে হয় বা কোন ইস্যুতে কীভাবে সোচ্চার হতে হয়। সংসদ নেতা তারেক রহমানকে পুরো সংসদের নেতা হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী প্রস্তাব দিয়ে বলেন, বিরোধী দলের সদস্যদের শানিত ও পরিপক্ব করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত, যাতে তারা সংসদীয় রীতিনীতি রপ্ত করতে পারেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ যাদের নির্বাচনের আগে নিজেদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হয়। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত একটি দলের যন্ত্রণা থাকা স্বাভাবিক কারণ জনগণ ভোটের মাধ্যমে তাদের ক্ষমতায় বসায়নি।
আরও পড়ুন-
জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না জানিয়ে তিনি বলেন ২৬-এর নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেই অপচেষ্টা রুখে দিয়েছে। ৭১ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে,যার মধ্যে ৫১ শতাংশই চেয়েছে বিএনপির দেওয়া ফর্মুলায় দেশ চলুক।
আজকের এই পার্লামেন্ট কারও করুণার দান নয়, বরং ১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল উল্লেখ করে নিজের রাজনৈতিক লড়াইয়ের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন,ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯৩টি মামলা ৯ বার জেল এবং গুম ও রিমান্ডের দুঃসহ স্মৃতি সহ্য করেছি। কোনো গোষ্ঠীর ষড়যন্ত্রে গণতন্ত্র নস্যাৎ হতে দেওয়া হবে না। জনসমর্থনহীন রাজনীতি ছেড়ে গঠনমূলক পথে আসার চেষ্টা করুন, নতুবা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে বলে বিরোধী দলকে উদ্দেশ করে বলেন তিনি।
এফএ/আয়না