বিশেষ প্রতিনিধি, nipon।।
গুরুদাসপুর ( নাটোর ) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি বাজারে অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটারেরও বেশি ডিজেল (৬ ব্যারেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে “মেসার্স সাগর এন্টারপ্রাইজ” নামের একটি প্রতিষ্ঠান থেকে ডিজেলগুলো জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাস্টার তেল, সার ও চাল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি দুর্গাপুর হাই স্কুলের একজন শিক্ষক হিসেবেও কর্মরত।
অভিযান চলাকালে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাবগাড়ি বাজারে প্রতিষ্ঠানটির দোকানে যমুনা অয়েলের একটি সরবরাহকারী গাড়ি থেকে ডিজেল আনলোড করা হচ্ছে।
এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান নজরুল এন্টারপ্রাইজের মালিক মো. হুমায়ুন কবির তপু জানান, তারা প্রশাসনের অনুমতি ও সহযোগিতায় নিয়মিতভাবে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ করে থাকেন। জব্দকৃত ডিজেল সম্পর্কে তিনি অবগত নন বলে দাবি করেন। তবে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি তাদের একজন পাইকার ছিলেন এবং একটি গাড়ি ভাড়ায় নিয়েছিলেন।
অভিযুক্ত শফিকুল ইসলাম মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ইউএনও ফাহমিদা আফরোজ জানান, জব্দকৃত ডিজেল সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহারের জন্য ন্যায্যমূল্যে সরবরাহ করা হবে। বিশেষ করে খাল খনন ও অবকাঠামো নির্মাণ কাজে এই জ্বালানি ব্যবহার করা হবে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।
রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ