বিশেষ প্রতিনিধি, nipon।।
মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার সংসদে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
এর মধ্যে অন্যতম হচ্ছে থানায় অনলাইন পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ তৈরি করা, যাতে বিচারপ্রত্যাশীরা সহজেই আইনি সেবা পেতে পারেন।
তিনি আরও বলেন, দেশের সব থানার ডিউটি অফিসারের কক্ষ ও থানা প্রাঙ্গন পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এর ফলে থানার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং স্বচ্ছতা বাড়বে।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ইতোমধ্যে দেশের সব থানায় অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি গ্রহণ করা হচ্ছে। ফলে জনগণ থানায় না গিয়েও সহজে এবং হয়রানিমুক্তভাবে জিডি করতে পারছেন।
এছাড়া, অনলাইন জিডি সফটওয়্যারে কোনো আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে এসএমএস পাঠানো হয়। এতে বিস্তারিত তথ্যসহ থানায় উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়, যাতে পরবর্তীতে নিয়মিত মামলা দায়ের করা যায়।
সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে জনগণের পুলিশি সেবা গ্রহণ আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাফিজ/ আয়না নিউজ