বিশেষ প্রতিনিধি, nipon।।
কক্সবাজার সদরে বজ্রপাতে রমিজ উদ্দিন (৫০) নামে এক লবণ চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার অছিউর রহমানের ছেলে। তিনি পেশায় লবণ চাষি ছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, সকালে দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় রমিজ উদ্দিনসহ কয়েকজন শ্রমিক লবণের মাঠে কাজ করছিলেন। পরে বৃষ্টির মধ্যে তিনি মাঝেরঘাট ব্রিজে ওঠেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
এদিকে সকাল থেকেই কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর অঞ্চলটিতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
হাফিজ/ আয়না নিউজ