বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি লিখিত নোট এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কিছু কথোপকথন উদ্ধার করা হয়েছে। ওই নোটে বিভাগের এক সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী এবং এক সহপাঠীর নাম উল্লেখ রয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষক ও ওই সহপাঠীকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, খবর পেয়ে সকালে তারা ঘটনাস্থলে যান। সে সময় অন্যান্য শিক্ষকদের সঙ্গে সুদীপ চক্রবর্তীও সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে সেখান থেকেই হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, “মিমো খুবই চঞ্চল ও মেধাবী শিক্ষার্থী ছিল। সে সবসময় অন্যদের উৎসাহ দিতো। তার কাছ থেকে এমন ঘটনা আমরা কল্পনাও করতে পারছি না। আমরা মর্মাহত।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্তাধীন। বিভাগের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ