বিশেষ প্রতিনিধি, nipon।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা বাড়ির মালিক হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এলাকায় ধারাবাহিক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী হাফিজুর রহমান হিরণ মোল্লা ও তার স্বজনদের দাবি, তিনি এক সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে ফেরেন। ঘটনার রাতে আনুমানিক আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির বারান্দার গ্রিল কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
ডাকাতরা আলমারি ভেঙে নগদ প্রায় ২৭ লাখ টাকা, প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার এবং সাড়ে ৪ হাজার পাউন্ডসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে জানানো হয়েছে।
ঘটনার পরপরই ভুক্তভোগীরা থানায় যোগাযোগ করলে প্রথমে লিখিত অভিযোগ দিতে বলা হয়। পরে তারা রূপগঞ্জ থানা গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ডাকাতির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ১৮ দিনে রূপগঞ্জের বিভিন্ন স্থানে অন্তত ৬টি ডাকাতির ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
হাফিজ/ আয়না নিউজ