বিশেষ প্রতিনিধি, nipon।।
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। সরকারি কর্মকর্তাদের ধারণা, গত জানুয়ারিতে এ ঘটনা ঘটলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।
অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষণা সুরিয়াপ্পেরুমা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার একটি দ্বিপাক্ষিক ঋণ পরিশোধের অংশ হিসেবে পাঠানো অর্থ মাঝপথে হ্যাক করে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। মূল প্রাপক প্রতিষ্ঠানের পরিবর্তে অর্থ চলে যায় অপরাধীদের নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে।
তিনি আরও জানান, সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই-মেইলভিত্তিক অর্থ পরিশোধ নির্দেশনায় জালিয়াতির মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়েছে।
শ্রীলঙ্কার উপ-অর্থমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো জানিয়েছেন, একই ধরনের আরেকটি অর্থ পরিশোধও হ্যাকারদের লক্ষ্য ছিল, তবে ব্যাংক তথ্যের অসামঞ্জস্য ধরা পড়ায় বড় ধরনের আরেকটি ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং শ্রীলঙ্কার সঙ্গে সমন্বয় করে তদন্তে সহযোগিতা করছে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক বছর আগেই ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে শ্রীলঙ্কা। ২০২২ সালের অর্থনৈতিক বিপর্যয়ের সময় দেশটি বৈদেশিক ঋণ খেলাপি ঘোষণা করেছিল এবং ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছিল।
বর্তমানে কর্তৃপক্ষ চুরি হওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি পুরো অর্থ পরিশোধ ব্যবস্থায় সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ