বিশেষ প্রতিনিধি, nipon।।
ফিলি স্টেশনে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে নেত্রকোন- ৫ আসনের জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
তিনি জানান, মাগরিবের নামাজের সময় পাম্প সংলগ্ন একটি মসজিদে অবস্থানকালে ১৫-২০টি মোটরসাইকেলে করে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় পরিস্থিতি বেগতিক দেখে মসজিদের মুসল্লিরা দরজা বন্ধ করে দিলে তিনি প্রাণে রক্ষা পান।
তিনি আরও বলেন, “মসজিদের ভেতর থেকেই আমি পুলিশ সুপার এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাই। বাইরে তখন উসকানিমূলক স্লোগান দেওয়া হচ্ছিল, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটি একজন সংসদ সদস্যের মর্যাদার ওপর আঘাত।” তিনি জানান, আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ দেবেন এবং হামলাকারীদের নাম সেখানে উল্লেখ করবেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, “আমাদের কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নয়। ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে এমপির লোকজনের সঙ্গে কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম জানান, তেল নেওয়াকে কেন্দ্র করে একদল যুবক এমপির গাড়িতে হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
হাফিজ/ আয়না নিউজ