বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে গুাদামের পাশের আরও বেশকয়েকটি গুদাম ও দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা ১৩ মিনিটে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
তবে তখনো থেমে থেমে আগুন জ্বলছিল। রাত ৯টা ১০ মিনিটে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখনো ডাম্পিংয়ের কাজ চলছে।
স্থানীয়রা জানায়, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান, কয়েকটি ঝুটের গুদামসহ ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নাজুমুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আগুন লাগে। আমরা খবর পেয়ে আমাদের নারায়ণগঞ্জ সদর ও শিবু মার্কেট এলাকা থেকে চারটি ইউনিট পাঠাই। পরে আগুনের ভয়াবহতা দেখে ঢাকা থেকে আরও চারটি ইউনিট এসে চারপাশ থেকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে। আপাতত ধারণা করা হচ্ছে ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত, তবে বাকিটা পরে জানা যাবে। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। আমাদের ঢাকা ও নারায়ণগঞ্জ মিলিয়ে আটটি ইউনিট কাজ করছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত পরে জানানো যাবে। এখন ডাম্পিং চলছে।
শুভ/ হাফিজ/ আয়না নিউজ