বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি ডিগ্রি কলেজে ঢুকে শিক্ষিকাকে থানার ওসির সামনেই জুতাপেটা করলেন আকবার আলী নামে এক স্থানীয় বিএনপি নেতা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় ওই সময় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সেখানে পুলিশ মোতায়েন ছিল।
শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করেন। একপর্যায়ে আগের প্রশাসনের সময়ে কলেজের আয়-ব্যয়ের হিসাব নিয়ে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।
পরে কলেজের অফিস কক্ষে ঢুকে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ কয়েকজন শিক্ষক ও কর্মচারীর ওপর হামলা এবং ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তারা। এতে অধ্যক্ষ, নারী শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় কলেজে এসে তারা আর্থিক হিসাব চেয়ে চাপ সৃষ্টি করতেন, যা এক পর্যায়ে চাঁদা দাবির মতো পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হন বলেও দাবি করেন।
অন্যদিকে বিএনপি নেতা আকবর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজে অনিয়ম-দুর্নীতির হিসাব জানতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার দাবি, প্রথমে শিক্ষক পক্ষ থেকে তাদের ওপর হামলা করা হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষের কাছ থেকে চাপ ও চাঁদা দাবির মুখে পড়েছেন, যার বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) পুলিশ জানায়, পরীক্ষাকেন্দ্রকে ঘিরে ১৪৪ ধারা থাকলেও কিছু লোক জোরপূর্বক কলেজে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উপস্থিত ছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
হাফিজ/ আয়না নিউজ