বিশেষ প্রতিনিধি, nipon।।
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী জয়গন বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমজান আলী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি লিচু বাগানে পানি দিতে যান। সেখানে তিনি ঘর থেকে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রীও তাকে বাঁচাতে গিয়ে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সমজান আলীর মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রী জয়গন বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম।