বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করে পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য বিবেচিত হন না। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওই সময় মনিরা শারমিনের চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হলেও তা পর্যালোচনার জন্য বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
অন্যদিকে, একই জোটের আরেক প্রার্থী এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় তার আবেদন গ্রহণ করা হয়নি বলে জানায় নির্বাচন কমিশন।
এই পরিস্থিতিতে জামায়াত জোট একটি নারী আসন হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে তাদের জন্য বরাদ্দ ১৩টি আসন কমে ১২টিতে নেমে আসতে পারে। শূন্য আসনটি উন্মুক্ত থাকায় নতুন তফসিল অনুযায়ী সেখানে পুনর্নির্বাচন হতে পারে এবং বিএনপি জোট সেটি দখলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দুই দিনের বাছাই কার্যক্রম শেষে মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র মোর্চার একজন প্রার্থী রয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ