বিশেষ প্রতিনিধি, nipon।।
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই কিশোর হলেন আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ইন্দ্র ও উদয় সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় চা বাগান দেখতে যান। একপর্যায়ে তারা সীমান্তের মূল পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ এলাকায় প্রবেশ করলে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু জানান, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি বিজিবির সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই কিশোরকে বিএসএফ আটক করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিশোরদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ