বিশেষ প্রতিনিধি, nipon।।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশি অভিযানের সময় হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিরচর বাজার এলাকায় সন্ত্রাস দমন আইনের মামলায় চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খানকে (৫২) গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতারের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ জানায়, কবির খানকে হ্যান্ডকাফ পরানোর সঙ্গে সঙ্গেই তিনি ধস্তাধস্তি শুরু করেন এবং চিৎকার করলে তার সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হয়। পরে ২০ থেকে ২৫ জনের একটি লাঠিয়াল দল পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোটার আঘাতে পুলিশ সদস্যদের আহত করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থাতেই কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আহত হন চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের স্থানীয় চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চরভদ্রাসন থানার ওসি ছুটিতে থাকায় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছিলো।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন কবির খান।
হাফিজ/ আয়না নিউজ