বিশেষ প্রতিনিধি, nipon।।
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলো মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনের পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত নথিতে পরীক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়।
চলতি বছর এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র, দাখিল পরীক্ষায় কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।
বোর্ডভিত্তিক তথ্য
এসএসসি (৯টি বোর্ড):
এ বোর্ডে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন এবং দুজনকে বহিষ্কার করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল):
মোট ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। এ বোর্ডে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
কারিগরি শিক্ষা বোর্ড:
৬৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ২৫০ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। এছাড়া এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
প্রথম দিনের এই পরিসংখ্যান অনুযায়ী পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
হাফিজ/ আয়না নিউজ