বিশেষ প্রতিনিধি, nipon।।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ধারণা, এটি ডাকাতি নয়, বরং দীর্ঘদিনের জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হতে পারে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি ডাকাতি বা দস্যুতার মতো মনে হচ্ছে না।
তিনি বলেন, এটি পারিবারিক কিংবা জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ঘটতে পারে। তদন্ত চলছে এবং দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), দুই বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। ফজরের নামাজের পর প্রতিবেশীরা দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে চারজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমানের পরিবারের সঙ্গে তার বোন শিরিনার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর আগে তাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
এদিকে নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেছেন, তার মেয়ের ননদ শিরিনা এবং তার ছেলে সবুজ রানা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে।
হাফিজ/ আয়না নিউজ