বিশেষ প্রতিনিধি, nipon।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি ইসমাইল গাজী (৪০) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুন (৩২)কে পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করা হয়। ইসমাইলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
আরও পড়ুন:
সাতক্ষীরায় স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক
হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত স্ত্রী নিজেই কর্তিত অঙ্গ সঙ্গে নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে উপস্থিত স্থানীয়রা তাকে আটক করে রাখেন এবং পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। পারিবারিক কলহ, অর্থ সংক্রান্ত চাপ এবং প্রথম স্ত্রীকে নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা খাতুনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ