বিশেষ প্রতিনিধি, nipon।।
যশোরে দাদির মৃত্যুসংবাদ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাতে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (২৫) বকশিপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে। তিনি খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রোববার বিকেলে আশরাফুলের দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। এ খবর পেয়ে তিনি খুলনা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে বকশিপুর বাজারের অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। মাথা ও বুকে গুরুতর আঘাতই তার মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ