বিশেষ প্রতিনিধি, nipon।।
ফরিদপুর শহরের লক্ষীপুর মহল্লায় রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে গোয়ালন্দ-তাড়াইল সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার উত্তম ঘোষের মেয়ে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার বিধান সরকারের ছেলে আকাশ (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন-
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রোববার বেলা সাড়ে ১১টায় আকাশ ও উপাসনা মোটরসাইকেলে করে টেপাখোলা এলাকার একটি পাম্প থেকে জ্বালানি নিয়ে লক্ষ্মীপুর এলাকার দিকে যাওয়ার পথে মেরিন ইনস্টিটিউটের সামনে একটি মাটিবাহী লরি ট্রাককে ওভারটেক করার সময় সেটির পেছনে সজোরে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষণাকে মৃত ঘোষণা করেন এবং আহত আকাশ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লরির সহকারী হোসেন মোল্লাকে (১৯) আটক করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এফএ/ আয়না