বিশেষ প্রতিনিধি, nipon।।
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক রাবার ব্যবসায়ীর ছেলে ও তার সহযোগীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে মাহফুজ আলম মাসুমসহ তার সহযোগীরা জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পিতা বাবুল এ অভিযোগ করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। সর্বশেষ ১০ লাখ টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানালে তার ছেলে ও তার এক সহযোগীর ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে বাবুল আরও অভিযোগ করেন, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।
এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।