বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং এখন আশা করা যায় রাষ্ট্র সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাবে ও জাতি সমৃদ্ধ হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে তিন দিনের সরকারি সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার অভিজ্ঞতার অভাবে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারের নেতৃত্বে থাকা ব্যক্তিরা আন্তর্জাতিকভাবে খ্যাতিমান হলেও দেশের বাস্তব সমস্যার সমাধানে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি ছিল। ফলে অর্থনৈতিক সূচক নিম্নমুখী হয়েছে এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংকট দেখা দিয়েছে।
তবে তিনি স্বীকার করেন, ওই সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। এ জন্য তিনি বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান।
সংবিধান প্রসঙ্গে স্পিকার বলেন, রাষ্ট্রের সংবিধান পরিবর্তনের ক্ষমতা কেবল জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকা উচিত। তিনি অভিযোগ করেন, অতীতে কিছু অযৌক্তিক নিয়ম প্রবর্তন করা হয়েছিল, যা সংবিধান সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে, যদিও কিছু বিষয়ে তারা ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়েছে। তবে জনগণের ম্যান্ডেট পেলে সেই ভিন্নমত কার্যকর করার সুযোগ রয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে বড় কোনো মতভেদ নেই বলেও তিনি মন্তব্য করেন এবং আশা প্রকাশ করেন যে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে পারবে।
স্পিকার আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার পর দেশে একদলীয় শাসনসহ বিভিন্ন সময় গণতান্ত্রিক চর্চার ব্যত্যয় ঘটেছে। গত ১৬-১৭ বছরে নির্বাচন ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ ছিল বলে তিনি মন্তব্য করেন।
তিনি নিজের ২০১৮ সালের নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তখন তিনি নিজ এলাকায় কার্যত অবরুদ্ধ ছিলেন এবং সুষ্ঠু নির্বাচন হয়নি বলে দাবি করেন।
সবশেষে তিনি বলেন, জনগণের দীর্ঘ সংগ্রাম, বিশেষ করে ছাত্র-যুবকদের ত্যাগের মধ্য দিয়ে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন সেই ধারাকে এগিয়ে নেওয়াই সবার দায়িত্ব।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ এবং স্পিকারের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ