বিশেষ প্রতিনিধি, nipon।।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপি দুর্বার আন্দোলনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। এসময় তারা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। এর ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় শহরে এবং ২ মে দেশের প্রতিটি জেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে যে গণরায় এসেছে, তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রব্যবস্থায় এখনো কোনো গুণগত পরিবর্তন আসেনি। এ পরিস্থিতিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন, এটি আইনে রূপান্তর করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার গণরায় উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে যে ধরনের হুমকি দেওয়া হচ্ছে, তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে এর পরিণতিও সরকারের জন্য নেতিবাচক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
হাফিজ/ আয়না নিউজ