বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দুই মাস কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ১ হাজার টন ডিজেল, ৩১ হাজার ৮২১ টন অকটেন, ১৮ হাজার ২১১ টন পেট্রোল, ৭৭ হাজার ৫৪৬ টন ফার্নেস ওয়েল এবং ১৮ হাজার ২২৩ টন জেট ফুয়েল মজুত রয়েছে। এই মজুত দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত বলে তিনি উল্লেখ করেন।
অবৈধ মজুত ও তেল চুরি রোধে সরকারের চলমান অভিযান সম্পর্কেও তিনি তথ্য তুলে ধরেন। তিনি বলেন, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অভিযানে মোট ৫ লাখ ৪২ হাজার ২৪৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জ্বালানি খাতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগের কথাও জানান মুখপাত্র। তিনি বলেন, তেল পরিবহনে ব্যবহৃত লরি ও যানবাহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে, যাতে তেল চুরি প্রতিরোধ করা যায়।
এছাড়া প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর সাতটি পেট্রোল পাম্পে “ফুয়েল পাস” অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আগামী সপ্তাহে আরও সাতটি পাম্পে এই সেবা চালু করা হবে বলেও জানান তিনি।
সরকারের এসব পদক্ষেপের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
হাফিজ/ আয়না নিউজ