বিশেষ প্রতিনিধি, nipon।।
পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দফতর ও সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে বর্তমানে ২,৮৭৯ জনকে নিয়োগের কার্যক্রম অব্যাহত রয়েছে। ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।
প্রযুক্তি খাতের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলোকে কার্যকরভাবে পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে পেপালের কার্যক্রম চালুর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
ক্রীড়া খাতেও নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ইতোমধ্যে ভাতা পেয়েছেন।
এছাড়া শিক্ষার্থীদের জন্য ঋণসুবিধা বাড়ানোর কথাও জানান প্রধানমন্ত্রী। ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি’র ভিত্তিতে ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপগুলো কর্মসংস্থান বৃদ্ধি, ক্রীড়া ও প্রযুক্তি খাতের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ