বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদ হুমায়ুন কাদের চৌধুরী-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) শুরু হবে। এ কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ