বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালকে ঘিরে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন, এমবি স্বপন কাজী এবং মো. শাওন হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. ছাব্বির আহমেদ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে, অন্যদিকে আসামিপক্ষ জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১১ এপ্রিল শ্যামলীর ‘সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি)’ হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী ও তার পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, গত ১০ এপ্রিল সকালে অভিযুক্তরা ভুক্তভোগীর বাসার সামনে গিয়ে জোরপূর্বক টাকা দাবি করে এবং তার স্ত্রীকে হুমকি দেয়।
পরে পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্তরা আরও লোকজন জড়ো করে হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। তারা স্লোগান দেয়, গালাগালি করে এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।