বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় দিয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা-ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার আবু মুসা নবীউল্লাহর কাছে পাওনা টাকা চাইতে ভোরে তার বাসায় যান। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আবু মুসা পাল্টা আক্রমণ চালান। তিনি নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করেন। পরে তাদের মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই ঘটনায় পরিবারের আরেক মেয়ে জয়া এবং ছেলে মুয়াজও আহত হন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
হাফিজ/ আয়না নিউজ