বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল এর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হন তিনি। তাঁর এই সফরের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের জন্য নতুন ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন।
সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমেই সন্তোষে অবস্থিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।
পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক ‘কৃষক কার্ড’ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন এবং তাদের মাঝে গাছের চারা তুলে দেবেন। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের প্রাতিষ্ঠানিক সহায়তা ও কৃষি খাতে আধুনিক সেবা পৌঁছে দেওয়ার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ