বিশেষ প্রতিনিধি, nipon।।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে বিকেলে তিনি মুক্তি পান।
এর আগে একই দিন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালত মামলার পুলিশি প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ৫০ হাজার টাকা মুচলেকায় তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের বিরোধিতার মধ্যেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত দেন বলে জানান ঢাকার মহানগর আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী।
শিরীন শারমিন চৌধুরীর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী নাজিয়া কবির, এ বি এম হামিদুল মিসবাহ ও ইমরুল কায়সার।
ডিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর এলাকায় গুলিবর্ষণের একটি ঘটনার মামলায় তিনি আসামি। ওই মামলায় আন্দোলনকারী মো. আশরাফুল ফাহিম অভিযোগকারী এবং তিনি বর্তমানে মামলার ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত।
এছাড়া তার বিরুদ্ধে গণ–অভ্যুত্থানকালে সংঘটিত সহিংসতার সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কিছু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে এবং কিছু মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।
এর আগে গত ৭ এপ্রিল তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তার আগের দিন রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
হাফিজ/ আয়না নিউজ