বিশেষ প্রতিনিধি, nipon।।
জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে চলমান একটি মিছিলে ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম অংশ নেন। ওই সময় গুলিবিদ্ধ হয়ে তার বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫–১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
এর আগে চলতি বছরের ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পর তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে সরকারের পরিবর্তনের পর তিনি পদত্যাগ করেন বলে জানা যায়।
এদিকে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও আসামির তালিকায় রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ