বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ব্যাপক টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬” উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় গত ৫ এপ্রিল থেকেই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, ধাপে ধাপে দেশের বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম চালু করা হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যাতে কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে।
তিনি উল্লেখ করেন, হাম একটি দ্রুত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। ব্যাপক টিকাদানের মাধ্যমে “হার্ড ইমিউনিটি” তৈরি হলে পুরো জনগোষ্ঠী সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মহাখালীর একটি স্থাপনাকে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল হিসেবে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি বলেন, সেখানে চিকিৎসা ব্যবস্থাপনায় উন্নয়ন ঘটিয়ে নগরবাসীকে আরও ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ