বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১৪৫ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে সন্দেহভাজন হাম বা এর উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতদের মধ্যে ২৪ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ৮৮৮ শিশুর মধ্যে ভাইরাসজনিত এই রোগের উপসর্গ দেখা গেছে।
এদিকে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম বা এর উপসর্গ নিয়ে মোট ৯ হাজার ৪৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭ হাজার ২২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৬৯০ জন, চট্টগ্রামে ২ হাজার ৫ জন, খুলনায় ১ হাজার ১৬৬ জন, বরিশালে ৯০৮ জন, সিলেটে ৬৪৪ জন, রংপুরে ৫৪৬ জন এবং ময়মনসিংহে ৩৪৮ জন শিশুর মধ্যে এই রোগের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ