বিশেষ প্রতিনিধি, nipon।।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে দ্রুত ঢাকায় নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
জানা যায়, দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে অবস্থানকালে তিনি রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। সৈয়দপুর পৌঁছানোর পর তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হবে।
হাফিজ/ আয়না নিউজ