বিশেষ প্রতিনিধি, nipon।।
দীর্ঘ ১০ দিনের ঐতিহাসিক মহাকাশযাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশন। এর মাধ্যমে অর্ধশতাব্দীরও বেশি সময় পর চাঁদে মানুষের প্রত্যাবর্তনের পথে বড় এক মাইলফলক স্থাপিত হলো।
শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ (স্প্ল্যাশডাউন) করে মহাকাশযানটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
অবতরণের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তিনি সহ চারজন নভোচারীই সুস্থ আছেন এবং পুরো মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মিশনে নভোচারীরা প্রায় ৬ লাখ ৯৪ হাজার ৩৯২ মাইল (প্রায় ১১ লাখ ১৭ হাজার ৫১৫ কিলোমিটার) পথ অতিক্রম করেন। ‘ওরিয়ন’ ক্যাপসুলটি পৃথিবীর দুটি কক্ষপথ প্রদক্ষিণের পাশাপাশি চাঁদের কাছ দিয়ে প্রায় ২ লাখ ৫২ হাজার মাইল দূরত্বে একটি ঐতিহাসিক ‘ফ্লাইবাই’ সম্পন্ন করে। এটি মানব ইতিহাসে মহাকাশের এত গভীরে পরিচালিত অন্যতম দূরতম সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
এ যাত্রায় ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের দূরত্বের রেকর্ডও ভেঙে গেছে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে ভবিষ্যৎ মানব ঘাঁটি স্থাপনের লক্ষ্যেই পরিচালিত হয়েছে এই আর্টেমিস-২ মিশন।
আর্টেমিস-২ মূলত একটি পরীক্ষামূলক ক্রু ফ্লাইট, যার সাফল্যের ওপর ভিত্তি করে নাসা ২০২৮ সালের মধ্যে পুনরায় নভোচারীদের চাঁদের মাটিতে অবতরণ করানোর পরিকল্পনা করছে।
মিশন শেষে উদ্ধারকারী দল দ্রুত সমুদ্র থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলটি উদ্ধার করে এবং নভোচারীদের নিরাপদে নিয়ে আসার কার্যক্রম সম্পন্ন করে।
এই সফলতা মানব মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ