বিশেষ প্রতিনিধি, nipon।।
জ্বালানি সংকট মোকাবেলায় নতুন উদ্যোগ হিসেবে ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সারাদেশে নয় শুধুমাত্র ঢাকা মহানগরের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নতুন ব্যবস্থায় সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়া হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, শনিবার ও সোমবার এবং বুধবার অফলাইন ক্লাস হবে, আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস পরিচালিত হবে।
তিনি আরও জানান, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো—বিশেষ করে ওয়াইফাই সংযোগসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করা হবে। তবে সব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে এই পদ্ধতির আওতায় আনা হবে না। তিনি জোর দিয়ে বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে দেশের শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।
আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হতে পারে বলে জানানো হলেও, এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিস্তারিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
হাফিজ/ আয়না নিউজ