বিশেষ প্রতিনিধি, nipon।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জ্বরের রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের ৫ বছরের কন্যা সন্তান আলিফা জরুরি বিভাগে জ্বরের রোগী হিসেবে চিকিৎসা সেবা নিতে আসে। একই সময়ে কুকুরের কামড়ের রোগী হিসেবে চিকিৎসা নিতে হাসপাতালের জরুরি বিভাগে আসেন শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেলের ১৪ বছরের সন্তান নাজমুল। উভয় রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম উভয়কে পৃথক পৃথক চিকিৎসাপত্র প্রদান করেন। এসময় জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ করেন।
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ বলেন, একই সময়ে দুই রোগী সেবা নিতে এসেছিল। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা হবে না।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানিয়েছেন,বিষয়টি সম্পরকে অবগত হয়েছি। ভুলক্রমে এ ভ্যাকসিনটি দেওয়া হলেও রোগীর শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে বলেও জানান তিনি।
এফ এ / আয়না টিভি