বিশেষ প্রতিনিধি, nipon।।
জমি সংক্রান্ত বিরোধে মো. আল আমিন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ময়মনসিংহের ত্রিশালে একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের দণ্ডপ্রাপ্ত বাসিন্দারা হলেন- জসিম উদ্দিন (৪৯), তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৪), আবদুর রশিদ (৪১) এবং তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)।
আদালত সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে সেনেরচকপাড়া গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে মো. আল আমিনকে ২০২৩ সালের ১৯ জুন কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. হাফিজুল ইসলাম পরদিন (২০ জুন) পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে শুনানি শেষে আসামি ও বাদীপক্ষের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলায় বাদীপক্ষে আইনজীবী মো. মাহবুব আলম মামুন, আসামিপক্ষে আবুল কালাম আজাদ এবং রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন আকরাম হোসেন। ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানিয়েছেন, ত্রিশালের ওই হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এফ এ / আয়না টিভি