বিশেষ প্রতিনিধি, nipon।।
পহেলা বৈশাখ ঘনিয়ে আসতেই রাজধানীর মাছের বাজারগুলোতে শুরু হয়েছে উৎসবের আমেজ। আর এই আমেজের কেন্দ্রবিন্দুতেই রয়েছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ। তবে এ বছর সেই ঐতিহ্য পালন করতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। কারণ, বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার, শ্যামবাজার ও আফতাবনগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—আকারভেদে ইলিশের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে।
বর্তমানে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩২০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ২৫০০ থেকে ২৮০০ টাকার মধ্যে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়, যা আগের তুলনায় ২৫০-৩০০ টাকা বেশি।
এছাড়া, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়, কোথাও কোথাও ২২০০ টাকায়ও। ছোট আকারের ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ১২০০ টাকা।
ব্যবসায়ীদের মতে, এ বছর ইলিশের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কম। জেলেরা নদীতে তেমন মাছ পাচ্ছেন না, পাশাপাশি বিভিন্ন অঞ্চলে অভিযানও চলমান থাকায় বাজারে মাছের আমদানি কমে গেছে। অন্যদিকে, বৈশাখকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দাম আরও বেড়ে গেছে।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানান, সরবরাহ বেশি থাকলে আমরাও কম দামে বিক্রি করতে পারতাম। কিন্তু এ বছর মাছই কম, তাই দাম বাড়ছে।
মহাখালী কাঁচা বাজারের আরেক বিক্রেতা বলেন, “পহেলা বৈশাখের আগে দাম আরও বাড়তে পারে। এখনো বাজারে ক্রেতা কম, তবে কয়েকদিন পর চাহিদা বাড়বে।”
এদিকে, বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। ধানমন্ডি থেকে আসা এক ক্রেতা জানান, “দাম অনেক বেশি, আর পছন্দমতো মাছও পাওয়া যাচ্ছে না। বিষয়টি সরকারের নজরে আনা দরকার।”
আরেক ক্রেতা বলেন, প্রতি বছরই বৈশাখে ইলিশ কিনি, কিন্তু এবার দাম অস্বাভাবিক বেশি মনে হচ্ছে।
সব মিলিয়ে, বৈশাখের আনন্দের বড় অংশ পান্তা-ইলিশ হলেও, বাড়তি দামের কারণে অনেকের জন্য সেই ঐতিহ্য পালন করা কঠিন হয়ে উঠছে।
হাফিজ/ আয়না নিউজ