বিশেষ প্রতিনিধি, nipon।।
সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকার একটি আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডের একটি আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ রাজধানীর উত্তরা ও বনানী থানা এলাকায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে।
ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে গত বছরের ছাত্র‑জনতা আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনসমক্ষে দীর্ঘ সময় আড়ালে ছিলেন। দীর্ঘ সময় তার অবস্থানকে কেন্দ্র করে নানা গুঞ্জন ও বিতর্ক থাকলেও আজ ভোররাতে ধানমন্ডির সেই গোপন আস্তানা থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে ডিবি।
সাবেক স্পিকার ছাড়াও আরও ১৬ জনকে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) হত্যা মামলায় আসামি করা হয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট নিহত শ্রমিকের স্ত্রী দিলরুবা আক্তার এই মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, রংপুর সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র‑জনতার সংঘর্ষের সময় পুলিশের গুলিতে মুসলিম উদ্দিন নিহত হন এবং পরে তার পরিবারকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে বাধ্য করা হয়।
রংপুরের এই হত্যা মামলা ছাড়াও সাবেক স্পিকারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ২০০৮ থেকে টানা৪ মেয়াদ স্পিকারের দায়িত্ব পালন করা ড. শিরীন শারমিন চৌধুরী গত ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
ঢাকার আদালতে তাকে তোলার প্রক্রিয়া শুরু হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক এই শীর্ষ সাংবিধানিক ব্যক্তির গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া দেশের রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে।