বিশেষ প্রতিনিধি, nipon।।
ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় দলটির নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিবি সাওদার সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’ করা হয়েছে, যা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বহন করে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসকরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী কণ্ঠকে দমন করার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত তাদের নিজেদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা আদৌ রয়েছে কি না।
এদিকে, বিবি সাওদার মুক্তির দাবিতে সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। সোমবার মধ্যরাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই গ্রেপ্তারকে ‘পুরনো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে গভীর রাতে নিজ বাসা থেকে তুলে নেওয়া অমানবিক এবং ভিন্নমত দমনের লক্ষণ। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, নবগঠিত সরকারের মধ্যে ভিন্নমত দমনের প্রবণতা রয়েছে।
সাদেক কায়েম তার বক্তব্যে বলেন, যারা অতীতে ফ্যাসিবাদের শিকার হয়েছেন, তাদের শাসনামলে এ ধরনের গ্রেপ্তার ও হয়রানি কাম্য নয়। তিনি অবিলম্বে বিবি সাওদার মুক্তি এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি বন্ধের দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলার নিজ বাসা থেকে জামায়াতে ইসলামীর পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতার করা হয়।