বিশেষ প্রতিনিধি, nipon।।
নাটোরের সিংড়ায় রাস্তা পার হওয়ার সময় উল্টো পথে আসা বাসের চাপায় ছাত্রদল নেতা নাদির কায়ছার রুবেল (৩৫) নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাদির কায়ছার রুবেল সিংড়া পৌর শহরের নিংগইন ঘুনপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস নিয়ম ভেঙে উল্টো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় বাসটি রুবেলকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঐ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন
দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক থাকায় তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এফ এ/ আয়না টিভি