বিশেষ প্রতিনিধি, nipon।।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পরও সার্ভার রুমে প্রচুর ধোঁয়া ছিল। সার্ভার রুম হওয়ায় এখানে সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত রুমসহ অন্যান্য যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি। বর্তমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানিয়েছে রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুনের সূত্রপাতে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এসি পুড়ে যাওয়ায় প্রচুর ধোয়া সৃষ্টি হয়।
ফার এ / আয়না টিভি