বিশেষ প্রতিনিধি, nipon।।
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, এমরান মিয়া বাগেরহাট জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তিনি খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে এর গতি কিছুটা কমে। এ সময় এমরান মিয়া চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এতে তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান এবং তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, আহত এমরান মিয়ার গ্রামের বাড়ির সঠিক ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাফিজ/ আয়না নিউজ