বিশেষ প্রতিনিধি, nipon।।
জনপ্রিয় মাল্টিপ্লেক্স ‘ব্লকবাস্টার সিনেমাস’এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব ধরনের সিনেমা প্রদর্শনী বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে সংহতি রেখেই তারা এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে ঈদের আমেজ কাটতে না কাটতেই দর্শকদের জন্য এমন আকস্মিক ঘোষণায় রাজধানীর অন্যান্য প্রেক্ষাগৃহ নিয়েও দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে যেসব দর্শক ইতোমধ্যে অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।‘স্টার সিনেপ্লেক্স’-এর অগ্রিম টিকিট কাটা দর্শকদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা কারণ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।
স্টার সিনেপ্লেক্স প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারি সিদ্ধান্তের বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং সেটি নিয়ে পর্যালোচনা চলছে। তবে আপাতত ৫ এপ্রিল সন্ধ্যা ৬টার পরের সকল শো আমরা স্থগিত করে সর্বশেষ শো-টি রাখা হয়েছে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার শিডিউলে। পরবর্তী সিদ্ধান্ত ধারাবাহিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
প্রেক্ষাগৃহগুলোতে চলছে ঈদের বেশ কিছু আলোচিত সিনেমা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন সন্ধ্যার শো বন্ধ হয়ে যাওয়ায় বক্স অফিসে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।